
ইতালীর রোমপ্রবাসী ব্যবসায়ী ও ফেনীর লেমুয়ার পশ্চিম মীরগঞ্জের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অন্যতম ব্যক্তিত্ব নুরুল হুদাকে ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৭৫৬ টাকার মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর চেক প্রদান করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।
২৭ জুলাই রাজধানীর কাওরান বাজারে কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহক নুরুল হুদার হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে কোম্পানীর উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, উপব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ন্যাশনাল লাইফ সূত্রে জানা গেছে, নুরুল হুদা ২ কোটি টাকা এবং ২০ লাখ টাকা বীমা অঙ্কের দুটি পৃথক পলিসি গ্রহণ করেছিলেন। পলিসি দুটির মেয়াদ পূর্ণ হওয়ায় তাকে মোট ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৭৫৬ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে একই পলিসির বিপরীতে সারভাইভাল বেনিফিট হিসেবে তাকে আরও ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল।
জানা গেছে, নুরুল হুদা নিজ জেলা ফেনীর লেমুয়া ইউনিয়নের পশ্চিম মীরগঞ্জে একাধিক মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ইতালির রোমেও তিনি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। সেখানেও তিনি দুটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। মেয়াদ পূর্তিতে প্রাপ্ত বীমার টাকা সমাজসেবী নুরুল হুদা এলাকায় তাঁরই প্রতিষ্ঠিত মসজিদ ও এতিমখানার ব্যয় নির্বাহে ব্যবহার করবেন।
প্রতিবেদকের নাম 










