
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) স্টামফোর্ড অডিটোরিয়ামে ৮৪–৮৬ ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. শরীফ নাফে আস-সাবের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কাজী আব্দুল মান্নান, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মতিন রহমান। অনুষ্ঠানে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় ৮৪ ব্যাচের শিক্ষার্থী রবীন্দ্রনাথ রায়ের পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানের অংশ হিসেবে বিভাগের শিক্ষকরা ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী।
অ্যালামনাইদের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ভাইস চ্যান্সেলর পদকপ্রাপ্ত রিফাত সরকার রোহান। পরে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ৮৪ ব্যাচের শিক্ষার্থী মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং দায়িত্বশীল গণমাধ্যমচর্চার প্রতি উৎসাহিত করেন। বক্তারা গল্প বলার শিল্প, উদ্ভাবন এবং নৈতিক গণমাধ্যমচর্চার গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ড. শরীফ নাফে আস-সাবের বলেন, চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসকে উপস্থাপন করা যায় এবং জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের চরিত্র, মূল্যবোধ এবং দায়িত্ববোধ নিয়েও কথা বলেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মতিন রহমান। নবীনবরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিভাগের শিক্ষার্থী ও সংবাদ পাঠক রাশেদ রায়হান। অনুষ্ঠানে নবীন ও সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।
প্রতিবেদকের নাম 









